জন্মান্তর
সকালবেলা বাজারের থলে নিয়ে বেরোতে যাব পিছন থেকে জামায় বেয়াড়া টান.....পিছন ফিরে দেখি আমার শিশু কন্যা ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে এসেছে।
বাপি আমি ও যাব!! একি বেয়াড়া আবদার! নিষ্পাপ মুখখানি দেখে মায়াও হল। বউ রান্নাঘর থেকে জানান দিল আজ টাইমে বাজার না হলে কপালে অশেষ দুক্ষু আছে! অতঃপর মেয়েকে সাজিয়ে তাড়াতাড়ি পা বাড়ালাম.... আজ কপালে দুঃখ ই আছে! বাবু চাট্টি পয়সা দাওনা! আচমকা আবার বাগড়া সদর রাস্তায় ওঠার মুখে! এক ভিখারিনী সাথে ৪ বছরের ধুলা মাখা শিশুপুত্র! দুজনারই সর্বাঙ্গ ধুলায় মাখামাখি! মনে প্রমাদ গনলাম! আমার আর মেয়ের আজ ওই দশাই হবে যদি ঠিক টাইমে.....বাপি ওই ভাই টা এত নোংরা কেন? আচমকা মেয়ের এহেন প্রশ্নবাণে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম! সামলে নিয়ে বললাম দেখ মা! ওদের তো কেউ খেতে দেয়না...তাই ওরকম হয়ে গেছে! বাপি তোমার পকেটে যে দেখলাম এত টাকা! দিয়ে দাও না কিছু ওদের...আমাদের তো অনেক আছে। বুঝলাম খাদে পড়ে যাচ্ছি....রাগ হল! তুই থামবি পাকা বুড়ি! এই জন্য তোকে আনতে চাইনা! ধমক খেয়ে মেয়ের চোখে জল! বাপ হওয়ার যে কি জ্বালা! আজ কপালে দুঃখ অনিবার্য!
এই নাও.... দশ টাকার নোট টা দিতে খুশির ঝিলিক মারল ভিখারিনীর মুখে.....তাড়াতাড়ি মেয়েকে ঘাড়ে চাপিয়ে বাজারের দিকে পা চালিয়ে দিলাম! আজ কপালে......বাপি ওর খুব ঠান্ডা লাগছে না? ঘাড়ের ওপর থেকে মেয়ের প্রশ্ন বাণ! এবার শিওর হার্ট অ্যাটাক! বাজার আর কত দূর! বাপিইইই! কি হল? বল না! অতঃপর ঘাড় থেকে নামালাম। সাড়ে তিন ফুট প্রাণীটিকে আজ সত্যি অন্যরকম লাগছে! বাপি আমার ঠান্ডা লাগলে তুমি বুকে জড়িয়ে ধর....ওকে কে ধরে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই....মেয়েকে বুকের ওমে জড়িয়ে ধরলাম.....তুই কি চাস মা? বাপি আমার সোয়েটার টা ওকে দিয়ে দাও... আমি তোমার কোলেই থাকব। বাপি ওর খুব কষ্ট না?
বিধাতা মানুষ কে বুদ্ধিমান প্রানী করে তুলেছে.... এই প্রথম সেই থিওরি টা ভুল প্রমাণিত হল....আমি আমার মেয়েকে চিনে উঠতে পারিনি! চুলায় যাক বাজার! আজ মেয়ের চোখে আমি আমার জন্মান্তর দেখলাম! বাবা রা তাদের মেয়ের কাছে হিরো হয়! সেই বাসনা নয়! বরং বুকের গরম ওমটা একটা পিতৃহারা শিশুকে দেওয়ার জন্য মনটা কেঁদে উঠল......দূরে কোথাও ব্যাকগ্রাউন্ড এ ভেসে আসছে..."খাঁচার ভিতরে অচিন পাখি ক্যামনে আসে যায়".....মেয়ে আমার বুকে আরেকটু জড় হয়ে বসল! আস্তে আস্তে ঘরের দিকে পা বাড়ালাম..... ওই তো দেখা যাচ্ছে পথের ধারে দুজনকে! আমার জন্মান্তরের প্রথম সোপান!!!
© অরিন্দম নবপল্লী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন