এখন ডাক্তারী।

আর্যতীর্থ

গাড়ি থেকে ডাক্তারের স্টিকারটা তুলে ফেললাম।
না দাদা , ভুয়ো নই, এক্কেবারে যৌবন জলাঞ্জলি দিয়ে ডিগ্রীগুলো পাওয়া,
( অবিশ্বাস হলে কাউন্সিলে ওয়েবসাইটে মিলিয়ে নেবেন নাম)
তবু, আজ গাড়ির থেকে সাপ আর লাঠির সব চিহ্ন হাওয়া।
আত্মরক্ষা , বুঝলেন দাদা, কখন কি হয় বলা তো যায়না,
আপনিই হয়তো কাল হাজির হবেন কোনো মুমূর্ষুকে নিয়ে,
এবং করবেন একটি ওষুধে পাঁচ মিনিটে সারিয়ে দেওয়ার বায়না,
না পারলেই গালাগাল, মারতেও পারেন লাঠি বা জুতো দিয়ে।
ভাঙচুরের ভয়ে দাদা গাড়ি এখন বাইরে রাখি রাস্তার ধারে,
( সঠিক দলীয় পতাকা লাগানো, তাই অন্তত চোরের ভয় নেই)
যদি দেখি বেগতিক, কথাদের উত্তাপ চারদিকে ক্রমে ক্রমে বাড়ে,
সটান পিটটান দেবো ,ভিড়ে মিশে কেটে যাবো ওই গাড়িতেই।
কি বললেন? নোবেল প্রফেশন? রোগী ছেড়ে পলায়ন গর্হিত অতি?
মানছি দাদা মানছি। হিপোক্রেটিসের ভুতটা এই আকালেও ঘাড়ে চেপে আছে,
কিন্তু ওই যে পঞ্চতন্ত্রে পড়েছিলাম না, য পলায়তি স জীবতি,
ডাক্তার হোক বা যোদ্ধা, পৈতৃক প্রাণটি প্রিয় সবার কাছে।
যে ভাবে শিখেছিলাম, তার থেকে আমূল বদলেছে চিকিৎসা পদ্ধতি,
( দেশ এগোচ্ছে, এটাকে অগ্রগতি বলে ধরে নেওয়াই ভালো )
রোগীকে দেখো পাঁচমিনিট, আর ঝাড়া আধঘন্টা লিখে যাও নথি,
বলা তো যায়না, কখন থানা, কমিশন বা কোর্ট থেকে ডাক এসে গেলো!
এখন রোগী ভালো হলে আনন্দ হয় না আর, বরং ঘাড় থেকে বোঝা নামে,
চ্যালেঞ্জ নেওয়ার সাহস নেই , কারণ একটা ব্যর্থতা একশো সাফল্য খেয়ে নেবে,
সামান্য খারাপ হলে বুক ধুকপুক , ভয়ে জামা ভিজে ওঠে ঘামে,
তাই নিরাপদে থেকে নিত্য রেফার করি, রোগীর খরচ নিয়ে লাভ নেই আজ আর ভেবে।
জানি দাদা, বলবেন অত ভীতু হলে বাপু ডাক্তারী ছেড়ে দিলেই হয়!
এখানেই তো সমস্যা, অন্য কিছু করতে যে শিখিইনি কখনো জীবনে,
কেন যে শিখিনি সেটা নিয়ে হাত কামড়াই এখন অনেক সময়,
বিশ্বাস করুন , জয়েন্টে চান্স পাওয়ার জন্য আফশোষ হয় মনে মনে।
যাকগে যাক, আপনার সময় দামী, আর কতটা নষ্ট করবেন এসব প্যাচাল শুনে,
আপনি তো রোগ হলে স্বচ্ছন্দে চলে যেতে পারেন বাঙ্গালোর চেন্নাই বা ভেলোর,
এই রাজ্যে আমরা অপেক্ষায় থাকি কবে অভিযুক্ত হবো মানুষখুনে,
খেতে থাকি রাজনীতি আর মিডিয়ার গালি, আর উটকো লোকের মারধোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...