-কাইনাজ ইসলাম
তুমি আমার খুব কাছে এসে বসেছিলে,
ছুয়ে ছিলে না ছোঁয়া বিবর্ণ মুহুর্তগুলো।
সোনালী রোদ্দুরে যেমন ফড়িং এসে বসে পাতার ছাদে,
তুমিও এসে বসেছিলে আমার খুব কাছে।
এতটাই কাছে যে তোমার ভেতরে ছিলাম আমি,
আর আমার ভেতরে তুমি।
রাত্রি তখনো অনেক দূরে।
তখন সবে গোধূলি নেমেছিল পৃথিবীর বুকে।
তুমি পুরুষের স্বপ্নমাখা থলে থেকে বের করে বাড়িয়ে দিয়েছিলে_ একখানা আবেগ ভরা খোলা চিঠি।
সাদা আকাশের গায়ে নীল রঙের বড় বড় অক্ষরে লেখা ছিলো "মনের গভীরের থেকে গভীরে আছো তুমি।"
সেদিন বৃষ্টি আসবো বলেও আসেনি,
তুমি বারবার ভিজতে চাইছিলে।
পাগল...
পাগলটার পাগ্লামি খুব বেশি।
সেদিন কোনো অজুহাতেই তোমার জন্য বৃষ্টি কিনে আনতে পারিনি।
তুমি আমার খুব কাছে এসে বসেছিলে।
আজ মেঘ ভর্তি আকাশ,
ঝিরিঝিরি বৃষ্টির জলকণায় আঁখি নদীর বান ভেসে যায়।
তুমি আসবো বলেও আসোনা,
তাই প্রতিবার তোমার ভিজে বাড়ি ফেরার ইচ্ছেটা অধরাই রয়ে যায়।
তুমি পুড়ে যাও অনবরত চিতার আগুনে।
তুমি আমার খুব কাছে এসে বসেছিলে।
অথচ তোমার আঙুল ধরে রাস্তা টুকু পার করে দিয়ে আসতে পারিনি।
ভিজিয়ে দিতে পারিনি তোমার তৃষ্ণার্ত মরুদেশের কাদামাটির স্বপ্নপথ।
যে পথ তোমার রক্তমাখা আলতা পায়ে এগিয়ে যায় তোমার বাড়ির দরজা অবধি।
তুমি আমার খুব কাছে বসেছিলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন