~~মাগির ছেলে

মঙ্গল মিদ্যা

ছোটোবেলায় পড়েছি 'মাগি' মানে 'মেয়ে'।
কিন্তু সুমিতকে কেনো সবাই "মাগির ছেলে " বলে ডাকে?
সেই ছয় বছর বয়সে সুমিতকে প্রথম দেখেছিলাম, চা দোকানের বাইরে দাঁড়িয়ে আমার স্কুল যাওয়া দেখছিলো। একটা লোক সুমিতের মাথায় মেরে বললো -" ওই মাগির ছেলে যা চা নিয়ে আয়।"
একদিন আমি স্কুলে যাওয়ার সময় হোঁচোট খেয়ে পরে যাই, কাঁধে ভারি স্কুল ব্যাগ তাই উঠতে পারছিলাম না তখন অন্য দু-এক লোকের সাথে সুমিতও এসেছিলো আমাকে তুলতে। তখন থেকে সুমিতের প্রতি একটা ভালোলাগা জনমে ছিলো। আমি স্কুল যাওয়ার সময় রোজ সুমিতকে চা দোকানের বাইরে দেখতে পেতাম আর একটা লজেস্ দিয়ে আসতাম।
একদিন ছেলেরা ক্রিকেট খেলতো আমি সুমিতকে নিয়ে গেলাম খেলার জন্য কিন্তু সেখানে একটা দাদা বললো -" এ কাকে নিয়ে এসেছিস রে এতো মাগির ছেলে। " আমাকে খেলতে নিলো কিন্তু সুমিতকে নয় তাই অন্য জায়গায় গিয়ে বসলাম। আমি সুমিতকে জিগাসা করলাম -" তোকে সবাই মাগির ছেলে বলে কেনো রে?"
সুমিত - "জানিনা কেনো, মাকে জিগাসা করলে বলে চুপ যে যা বলে বলুক কারোর কথায় কান দিবিনা।"
বয়স তখন আমাদের দশ। বিকালে আমরা আজও দেখা করি। সুমিতকে আমি লিখতে শিখিয়ে দিয়েছি তবে ভালো হাতের লেখা না হলেও বোঝা যায় কি লিখেছে। একদিন একটা লোক সুমিতকে "মাগির ছেলে " বলেছিলো সেই নিয়ে লোকটার সাথে ঝগড়াও করলো সুমিত কিন্তু তবুও আজও অনেকে সুমিতকে "মাগির ছেলে" বলে সুমিত ছুটে ওর মায়ের কাছে চলে যায়।
বয়স বারো সুমিত একটা গ্যারেজে কাজ করে তাই রোজ দেখা না হলেও মাঝে মাঝে দেখা হয়। আমি একবার বলেছিলাম - " সুমিত তুইতো এখন কাজ করছিস তাহলে তোর মাকে মানা করনা ওসব ছেড়ে দিতে। "
সুমিত মাথা নিচু করে বলেছিলো -" আমিতো মানা করি আর মাও এখন আর ওসব করতে চায়না কিন্তু অনেক ভদ্রলোক আছে তারা মাকে ফিরতে দেয় না।"
এর কিছুদিন পর এক সকালে খবর পেলাম সুমিত বিষ খেয়েছে। আমি ছুটে গিয়ে দেখলাম সাদা কাপড়ে ঢাকা সুমিত শুয়ে আছে, ওর মা পাশে পাথরের মতো বসে আছে। আমি সুমিতের পাশে গিয়ে বসলাম, সুমিতের মা আমাকে এক অন্যপাগলির মতো বললো -" তুমি সুমিতের বন্ধুতো, যাও সুমিতকে তুমি একা নিয়ে যাও আর কারোকে হাত দিতে দেবে না, আমার সুমিত শুধু আমার সুমিত।"
বয়সতো তখন সবে বারো তাই কি করবো বুঝতে পারছিলাম না। বাড়ির ভেতর থেকে পুলিশ একটা কাগজ পেয়েছে তাতে ভাঙা ভাঙা অক্ষরে লেখা
"আমি মাগির ছেলে"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...